সকল ভাবনা-চিন্তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ‘জিসম ২’-এ চুক্তিবদ্ধ করা হলো পর্নো তারকা সানি লিওনকে। মার্চেই শুটিংয়ে অংশ নিতে দিল্লীতে আসছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস্ অনলাইনের।
চলচ্চিত্রটির পরিচালক পূজা ভাট বলেন, ‘‘অনেক চিন্তা-ভাবনা করেই ছবিটিতে সানিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
ছবিটিতে সানি লিওন দিল্লীর একটি মেয়ের চরিত্রে অভিনয় করবেন বলে পরিচালক জানিয়েছেন। এই নির্মাতা বলেন, ‘‘সানি লিওনের বাস্তব জীবনের অনেকখানি জুড়েই এই দেশ(উত্তর ভারত) মিশে রয়েছে। দিল্লীতে শুটিং শেষ হলে আমরা জয়পুর চলে যাব। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন সানি। রোমান্টিক দৃশ্যের জন্য দিল্লীর চেয়ে ভালো জায়গা আর কিইবা হতে পারে!’’
সানিকে তো পাওয়া গেলো। কিন্তু এখনো মূল দুটি পুরুষ চরিত্র খুঁজে বেড়াচ্ছেন নির্মাতা। অন্যদিকে সানি পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন হিন্দি চর্চা নিয়ে। সুবিধার জন্য তাকে আগেভাগেই কিছু সংলাপ পাঠিয়ে দিয়েছেন নির্মাতা। খাওয়া আর ঘুমানো বাদে এখন তাঁর সময় কাটছে শুধুই হিন্দি নিয়ে।
তবে এই চলচ্চিত্রের জন্য সানিকে কি পরিমান অর্থ দেওয়া হচ্ছে সেটা জানাতে অপারগতা প্রকাশ করে নির্মাতা বলেন, ‘‘শরীর নিয়ে কথা বলতে অনেকে অস্বস্তিবোধ করেন। আর আমি সাচ্ছন্দ্যবোধ করি না অর্থ নিয়ে কথা বলতে।’’
ইনিউজ/পিএসবি/১৪:৪৫