বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার বিরুদ্ধে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেবে না ফ্রান্স সরকার। কোনো ব্যক্তি বিক্ষোভ করার চেষ্টা করলে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে এবং নয়শ' ডলার জরিমানা দিতে হবে।
ফ্রান্সের মুসলমানরা আগামী শনিবার প্যারিসের গ্রান্ড মসজিদের সামনে রাসূলের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে। কিন্তু প্যারিসের পুলিশ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো বিক্ষোভ কর্মসূচি করতে দেয়া হবে না।
এর আগেই ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমানদের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে কোনো কোনো সংগঠন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি পালনের চিন্তা করছে বলে খবর পাওয়া গেছে। গতকাল (বুধবার) ফ্রান্সের সাময়িকী 'শার্লি এবদো'তে রাসূল (সা.)-কে অবমাননা করে কার্টুন (ব্যঙ্গচিত্র ) ছাপানোর পর ফরাসি মুসলমানরা আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আমেরিকায় মুসলিমবিরোধী সিনেমা তৈরির বিরুদ্ধে বিশ্বব্যাপী যখন বিক্ষোভ চলছে ঠিক তখনি গতকাল ওই পত্রিকা নতুনকরে কার্টুন ছেপেছে। এর আগেও গত বছর রাসূলের কার্টুন ছেপেছিল ওই পত্রিকা। সে সময় মুসলমানরা পত্রিকার অফিসে আগুন দিয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স সরকার পুরোপুরি দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তারা রাসূলের অবমাননা করাকে বাক স্বাধীনতা হিসেবে দাবি করলেও এর বিরুদ্ধে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে গণ্য করছে।
ই-নিউজ/অপি/জেএ/১৪.৫০ঘ
পাঠকের মন্তব্য