সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির পর এবার চেক জালিয়াতির ফাঁদে পড়েছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক কাওরান বাজার শাখা থেকে ৬৫ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধে জালিয়াতি করেছে বিশ্বাস গ্রুপ নামের এক ব্যাবসা প্রতিষ্ঠান। এঘটনায় বিশ্বাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সিটি ব্যাংকের কাওরান বাজার শাখা থেকে বহুদিন ধরেই ঋণ নিয়ে আসছিল বিশ্বাস গ্রুপ। ব্যাংক যখন যখন ওই প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেছে প্রতিবারই তারা বিভিন্ন অংকের চেক দিয়েছে। ব্যাংক একাউন্টে টাকা না থাকায় চেকগুলোর প্রতিটি ডিসঅনার হয়। ফলে সিটি ব্যাংক আদালতের শরণাপন্ন হয়। আদালত বিশ্বাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাজধানীর সোনারগাঁ রোডের বিশ্বাস গ্রুপের কার্যালয়ে সোমবার হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে তাকে তেজগাঁও থানা নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে তেজগাঁও থানার এসআই ফয়েজুর রহমান বলেন, ‘‘তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাই আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছি।’’
তবে বিশ্বাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আটক মাইনুদ্দিন বিশ্বাস বলেন, ‘‘আমি এখনো এ ব্যাপারে কিছু জানি না। আপনারা বিশ্বাস করেন, সত্যিই আমি কিছুই জানি না।’’
এদিকে মামলার বাদী সিটি ব্যাংকের কর্মকর্তারা জানান মাইনুদ্দিনের কাছ থেকে কোনোভাবেই টাকা আদায় করা যাচ্ছিল না।
সিটি ব্যাংকের লিগ্যাল ম্যানেজার মো. আইয়ুব বলেন, ‘‘আমরা তার (মাইনুদ্দিন) কাছ থেকে প্রায় ৬৫ কোটি টাকা পাবো। উনি আমাদের কোনো টাকা দিচ্ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে প্রায় ৭-৮টি মামলা করা হয়।’’
তিনি বলেন, ‘‘একদিকে আমাদের ব্যাংকের চাপ অন্যদিকে আবার বাংলাদেশ ব্যাংকের চাপ। ফলে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। সেই জন্য আমরা আট দিন ধরে তার অফিসের সামনে অবস্থান করছিলাম। আজকে তাকে পেলাম।’’
এবার হয়তো ঋণের টাকা উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার মাইনুদ্দিন বিশ্বাসকে আদালতে হাজির করা হচ্ছে।
ই-নিউজ/এ আর/জেএ ১৩.৫৫ঘ.
পাঠকের মন্তব্য