অর্থমন্ত্রী পদত্যাগ না করে বেহায়ার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, সোনালী ব্যাংকে হলমার্ক গ্রুপের ‘৪ হাজার কোটি টাকার কেলেংকারি বড় কিছু নয়’ অর্থমন্ত্রীর এমন মন্তব্যে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অবস্থা বেগতিক দেখে সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি (অর্থমন্ত্রী) নিজেকে দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি মনে করছেন। নিজেকে ঘৃণিত ব্যক্তি জেনেও অর্থমন্ত্রী পদত্যাগ না করে বেহায়ার পরিচয় দিচ্ছেন। সামান্যতম লজ্জা শরম থাকলে তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করে তারপর জাতির কাছে ক্ষমা চাওয়া।
ড. মোশাররফ শনিবার বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচরে স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেছেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘‘সরকারের পৃষ্ঠপোষকতায় শেয়ার বাজার ও ডেসটিনি কেলেংকারিতে সর্বস্ব হারিয়ে লাখ লাখ বিনিয়োগকারী পথে বসেছে। ক্ষোভে দু:খে অনেকে আত্মহত্যা করেছে। পদ্মাসেতুর দুর্নীতির কারণে বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। হলমার্ক গ্র‘‘পের অর্থ কেলেংকারির ঘটনার পর জনমনে বিরাজমান উদ্বেগ উৎকণ্ঠা আরো বেড়েছে। তারা কুইক রেন্টালের ভুর্তুকির নাম করে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে।’’
ড. মোশাররফ দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার বহালের আন্দোলন বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।
বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা (উ.) জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা ফজলুল হক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মেজর (অব.) এম.এম মেহবুব রহমান, মেঘনা যুবদলের আহবায়ক আব্দুল অদুদ মুন্সী কুমিল্লা (উ.) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ভিপি শাহবুদ্দিন ভূঁইয়াসহ অনেক নেতাকর্মী।
ই-নিউজ/জেএ ১৭.৫৫ঘ.
পাঠকের মন্তব্য