সৈয়দ আবুল হোসেন দুর্নীতি দমন কমিশনে (দুদকে) সোমবার হাজির হন। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ সংক্রান্ত বিষয়ের অনুসন্ধান কমিটির প্রধান ও দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবদীন শিবলী এবং মির্জা জাহিদ সাবেক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন।
সোমবার সকাল ১০টায় সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে আসেন আবুল হোসেন। আর ১০টা ২০ মিনিটে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।
পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে ওঠায় তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
গত ২৬ আগস্ট দুদকের প্রধান কার্য়ালয় থেকে আবুল হোসেনকে চিঠি পাঠানো হয়। ওই নোটিশে তাকে ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় কমিশনে হাজির হতে বলা হয়।
পদ্মা সেতুর পরামর্শক নিয়োাগে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গত ১৪ জুন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ১৯ জুন জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী এবং ২ জুলাই এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করে দুদক।
পর্যায়ক্রমে গত ৪ জুলাই সেতু বিভাগের তিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও সহকারী প্রকৌশলী মো. গোলাম মর্তুজাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাছাড়া ২২ জুলাই এসএনসি লাভালিনের তিন সাব কনসালট্যান্ট প্রতিষ্ঠান প্রকল্প প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল হাসান খান, বেটস্ কনসালটিং লিমিটেডের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম ও বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ড. এম এ আজিজকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এছাড়া ২৩ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান এইকম নিউজিল্যান্ড লিমিটেড এর ৩ সাব কনসালট্যান্ট প্রতিষ্ঠানের পরিচালক- এসিই কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. গোলাম মোস্তফা, ডিডিসি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক একেএম রফিক উদ্দিন ও এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ারর সৈয়দ আফসার হোসেনকে।
২৪ জুলাই হালক্রো গ্রুপের স্থানীয় সাব এজেন্ট ইঞ্জিনিয়ারিং সায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল মজিদ ও ওরিয়েন্টাল গ্রুপের স্থানীয় সাব এজেন্ট কেএস কনসালট্যান্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মজিদ ফকির ও ডিইবি কনসালট্যান্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ২৫ জুলাই হালক্রো গ্রুপের লোকাল সাব এজেন্ট ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্স এর এমডি এমএ সোবহান, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নির্বাহী পরিচালক প্রফেসর এম মনোয়ার হোসেনের জিজ্ঞাসাবাদ করা হয়।
ই-নিউজ/অপি/জেএ/১১.৩০ঘ
পাঠকের মন্তব্য