অন্তবর্তীকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী প্রস্তাবে সাড়া দিতে বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন ব্যারিস্টার রফিক-উল হক।
প্রধানমন্ত্রীর দেয়া নিবার্চনকালীন সরকার নিয়ে আলোচনার প্রস্তাবের পর ব্যারিস্টার রফিক মনে করছেন , নির্বাচন নিয়ে দুই দলের অবস্থান এখন এখন মুখোমুখি হলেও সমঝোতার দ্বার খুলছে।
ব্যারিস্টার রফিক শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বলেন, ‘‘লন্ডনে হার্ডটকে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমার মনে হয়েছে, সমঝোতা হবেই। এখন বিরোধী দলের ইতিবাচকভাবে এগিযে আসা উচিত।’’
একটি ভিডিও গানের মোড়ক উন্মোচন এবং ‘সাংস্কৃতিক দৈন্য এবং রাজনৈতিক ঐক্য’ শিরোনামে একক বক্তৃতা দেন ব্যারিস্টার রফিক।
‘প্রহরী’ শিরোনামের ওই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও বক্তব্য রাখেন।
উল্লেখ্য,তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দেওয়ার প্রস্তাব দেন।
তবে এই আহবানকে নাকচ করে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন করতে হবে; যদিও অনির্বাচিতদের হাতে ক্ষমতা ছাড়তে আওয়ামী লীগ নারাজ।
বিএনপির এই প্রতিক্রিয়ার বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তারা বলতে পারত, ওই সরকারে কারা থাকবে, কাদের কয়জন থাকবে। আর সবচেয়ে বড় বিতর্ক যেটি, তাদের প্রধান কে হবে?
‘‘আমার মনে হয়, তত্ত্বাবধায়ক সরকার হোক, সর্বদলীয় সরকার হোক আর কোয়ালিশন সরকার হোক, তার প্রধান কে হবে সেটিই মূল বিষয়।’’
তবে ব্যারিস্টার রফিক মনে করেন, নির্দলীয় একজন ব্যক্তিকেই নির্বাচনকালীন সরকারের প্রধান করা উচিত।
দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার এই আইনজীবী দুজনের উদ্দেশেই বলেন, ‘‘আপনার দ্বনে্দ্ব যাবেন না, সমঝোতা করুন। একে অন্যের প্রতি শ্রদ্ধার সঙ্গে কথা বলুন, টিটকারি করবেন না।’’
ই-নিউজ/অপি/জেএ/১৪.১০ঘ
পাঠকের মন্তব্য