নারায়ণগঞ্জের বন্দর খেয়া ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবে ১৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবারের এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আর ট্রলারটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটি-এর উদ্ধারকারী জাহাজ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সকাল ৮টার দিকে বন্দর খেয়া ঘাটের একটি ট্রলার কিছু দূর যাওয়ার পরেই অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে যায়। এ সময় ট্রলারটিতে কমপক্ষে শতাধিক যাত্রী ছিল। ঘটনার পরপরই ঘাটের মাঝি ও এলাকাবাসী ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে নামেন। তাদের সহযোগিতায় বেশিরভাগ যাত্রী তীরে উঠতে সক্ষম হন।
পরে আরো ৬ যাত্রীও তীরে উঠে। আরো ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর আহত অবস্থায় রফিক, মজনু এবং সোহাগ নামের ৩ শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাদের মধ্যে রফিক ও সোহাগকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যাত্রীরা অভিযোগ করেন, চাহিদানুযায়ী ইজারাদার ট্রলার সরবরাহ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। আর ঘাটের ইজারাদারের টোল আদায়ের ঘরে ভাঙচুর চালান। একই সঙ্গে এখানে আগুনও ধরিয়ে দেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা ও টোলঘরে হামলার ঘটনায় সকাল পৌনে ৯টা পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকে।
এদিকে, নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চাল্লাচ্ছে। আর স্বজনদের সন্ধানে নদীর তীরে অপেক্ষা করছেন অনেকে।
ই-নিউজ/প্রতিনিধি/জেএ/১১.৫৬ঘ
পাঠকের মন্তব্য