নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে তহবিল সংগ্রহের জন্য সরকার দেশি ও বিদেশি যে দুটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে তার তদারকি করবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এমনটাই বললেনদুদক চেয়ারম্যান গোলাম রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কুমিল্লা জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘‘পদ্মা সেতু নির্মাণে তহবিল সংগ্রহের জন্য সরকার যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে সে ব্যাপারে নজর রাখবে দুদক।’’
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘শুনেছি অ্যাকাউন্ট খুলছে, যদি কোথাও সরকারি অর্থের কোনো অত্মসাৎ হয়, যদি সরকারি অর্থের ক্ষেত্রে অনৈতিক কোনো কর্মকান্ড ঘটে এবং তা যদি দুদকের সিডিউলভুক্ত অপরাধের মধ্যে পড়ে তাহলে অবশ্যই দুদক তা দেখবে।’
চীনের একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেয়ার ব্যাপারে বিশ্বব্যাংক যে তদবির করেছিল, তাতে দোষের কিছু নেই বলে মনে করেন গোলাম রহমান।
তিনি বলেন, ‘চায়না রেলওয়ে কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান যোগ্য বলে বিবেচিত হয়নি। বিশ্বব্যাংকের তরফ থেকে তা পুনর্মূল্যায়ণের জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। কেউ যদি আবেদন নিবেদন করে এবং সেটি যদি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয় তাহলে এর মধ্যে তো আমি দোষের কিছু দেখি না। ওই প্রতিষ্ঠানকে নির্বাচন করতে হবে, বিশ্বব্যাংক তা বলেনি। বলেছে, তোমরা এদের বিষয়টি আবার পরীক্ষা করে দেখ।’
কমিশনের চেয়ারম্যান বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থ সহায়তা করুক আর না করুক, পদ্মা সেতুর ব্যাপারে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত রাখা হবে।
এ প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতার প্রমাণ পেলে ঘুষগ্রহণকারীর বিরুদ্ধে দুদক আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ১৭৫ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা জিলা স্কুল এবং কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বলে জানানো হয়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন ছাত্র।
ই-নিউজ/আরকে/জেএ/১৪.৫০ঘ
পাঠকের মন্তব্য