জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য প্যানেলের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় এ নির্বাচন স্থগিত রাখার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকদের একাংশ।
উপাচার্য প্যানেলের নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে এ আশঙ্কা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. আবুল খায়ের একটি রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশিদ আলমের বেঞ্চ এ আদেশ দেয়।
আগামীকাল অনুষ্ঠেয় এ নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় সেজন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসিকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে জাবির শিক্ষকদের একাংশের আন্দোলন বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো চলছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আজ থেকে অনশনে যোগ দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
অনশনে অংশ নেয়া শিক্ষকরা হলেন : সিনেট সদস্য অধ্যাপক পৃথ্বিলা নাজনীন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারী ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানান তারা।
মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও জাকসু নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি করছে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও।
শনিবার থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম ও পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
ই-নিউজ/আরআর/জেএ/১২.৩০ঘ
পাঠকের মন্তব্য